ঢাকা

২১ প্রার্থীর ব্যয় হিসাব জমা অনিষ্পন্ন, নতুন সময়সীমা দিল ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থী এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি। এ অবস্থায় তাঁদের জন্য দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুনের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব দাখিল করতে হবে।

ইসি সূত্র জানায়, বিষয়টি নিয়ে গত শনিবার (২৩ মে) সই করা একটি চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তির বিধানও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আইনে ব্যয় বিবরণী জমা না দিলে সর্বোচ্চ দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়সীমা শেষে প্রথম দফায় ৬ মে পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। কিন্তু সেই সময়ের মধ্যেও ২১ জন প্রার্থী ব্যয়ের হিসাব জমা দেননি।

পরবর্তীতে বিষয়টি বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত করা হয়।

ইসি সূত্র আরও জানায়, ব্যয়ের হিসাব না দেওয়া প্রার্থীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তালিকায় উল্লেখযোগ্যভাবে রয়েছেন নীলফামারী-৪, লালমনিরহাট-১, রংপুর-২, কুড়িগ্রাম-৩, চাঁপাইনবাবগঞ্জ-১, নাটোর-১, ভোলা-১ থেকে ভোলা-৪, ময়মনসিংহ-৫ ও ৬, ঢাকা-১৪, সুনামগঞ্জ-৩, চাঁদপুর-২, চট্টগ্রাম-১২ এবং বান্দরবান আসনের প্রার্থীরা।

এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, এনডিএম, আমজনতার দল, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), নাগরিক ঐক্য, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থীরাও রয়েছেন।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বারবার সময় বাড়ানো হলেও অনেক প্রার্থীর হিসাব জমা না দেওয়ার প্রবণতা ইসির নজরদারি ও প্রয়োগক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে।

অন্যদিকে, ইসি বলছে—নির্বাচনী বিধি অনুযায়ী সকল প্রার্থীর কাছ থেকে ব্যয়ের হিসাব গ্রহণ ও যাচাইয়ের কাজ চলমান রয়েছে। নির্ধারিত নতুন সময়ের মধ্যেও যারা ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স