উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাজীবনের পাশাপাশি কাজের সুযোগ থাকায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী দেশটিতে পড়তে যান। তবে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পেতে হলে শিক্ষার্থী ভিসার জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও ধাপ অনুসরণ করতে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র বা আর্থিক সক্ষমতার ঘাটতি থাকলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই শুরু থেকেই পরিকল্পিতভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।
অফার লেটার পাওয়াই প্রথম ধাপ
অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন সফল হলে শিক্ষার্থীকে একটি ‘লেটার অব অফার’ দেওয়া হয়। এই অফার লেটারে সংশ্লিষ্ট কোর্সের বিস্তারিত তথ্য, টিউশন ফি, ভর্তি শর্ত এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, অফার গ্রহণের আগে শর্তগুলো ভালোভাবে পড়ে বোঝা জরুরি। বিশেষ করে টিউশন ফি পরিশোধ, কোর্স বাতিল বা ভিসা না হলে অর্থ ফেরতের নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা উচিত।
ভর্তি নিশ্চিতকরণ সনদ ছাড়া ভিসা আবেদন নয়
অফার গ্রহণের পর নির্ধারিত অর্থ জমা দিলে শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীকে ‘কনফারমেশন অব এনরোলমেন্ট’ (সিওই) প্রদান করে। এটি প্রমাণ করে যে শিক্ষার্থী নির্দিষ্ট কোর্সে আনুষ্ঠানিকভাবে ভর্তি হয়েছেন।
স্টুডেন্ট ভিসার আবেদন করার সময় এই সিওই বাধ্যতামূলক নথি হিসেবে বিবেচিত হয়। তাই ভর্তি নিশ্চিত না হলে ভিসা আবেদনও করা যায় না।
ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে
অস্ট্রেলিয়ার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ইংরেজিতে হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হয়।
সাধারণত ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা হিসেবে আইইএলটিএস, টোয়েফল বা পিটিই পরীক্ষার স্কোর গ্রহণ করা হয়। কোন কোর্সে কত স্কোর প্রয়োজন হবে, তা প্রতিষ্ঠান ও প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে।
‘প্রকৃত শিক্ষার্থী’ হওয়ার প্রমাণ গুরুত্বপূর্ণ
অস্ট্রেলিয়ার ভিসা কর্তৃপক্ষ এখন আবেদনকারীর প্রকৃত শিক্ষার্থী হওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে যাচাই করে। এজন্য আবেদনকারীদের কেন অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চান, নির্বাচিত কোর্স ভবিষ্যৎ ক্যারিয়ারে কীভাবে সহায়ক হবে এবং নিজ দেশের সঙ্গে তাঁদের সম্পর্ক কেমন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হয়।
বিশেষজ্ঞদের মতে, আবেদনকারীর বক্তব্য, শিক্ষাগত পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অসামঞ্জস্য থাকলে ভিসা আবেদন ঝুঁকিতে পড়তে পারে।
আর্থিক সক্ষমতার প্রমাণ বাধ্যতামূলক
শিক্ষার্থী ভিসা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আর্থিক সক্ষমতা দেখানো। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহন করতে পারবেন।
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ন্যূনতম ২৯ হাজার ৭১০ অস্ট্রেলিয়ান ডলার সমপরিমাণ অর্থের সক্ষমতা দেখাতে হয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ ৪ হাজার টাকার সমান। এর মধ্যে টিউশন ফি, বাসস্থান, দৈনন্দিন খরচ এবং যাতায়াত ব্যয় অন্তর্ভুক্ত থাকে।
স্বাস্থ্যবিমা ছাড়া ভিসা বাতিল হতে পারে
অস্ট্রেলিয়ায় অবস্থানের পুরো সময়ের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার’ (ওএসএইচসি) নিতে হয়। এটি মূলত বিদেশি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমা।
এই স্বাস্থ্যবিমা না থাকলে স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ক্লিয়ারেন্সও লাগতে পারে
স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের অনেক ক্ষেত্রেই স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়। পাশাপাশি আবেদনকারীর অতীত আচরণ ও অপরাধসংক্রান্ত তথ্যও যাচাই করা হয়।
কিছু ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় বিদেশে অবস্থান বা নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণ ইতিহাস থাকলে অতিরিক্ত যাচাই করা হয়।
অনলাইনেই করা যায় আবেদন
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ পরিচালিত ‘ইমিঅ্যাকাউন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে স্টুডেন্ট ভিসার আবেদন করা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, আবেদন করতে কোনো এজেন্ট বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট বা আইনজীবীর সহায়তা নিতে পারেন। এ ক্ষেত্রে নিবন্ধিত ও অনুমোদিত ব্যক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়মিত আপডেট জানা জরুরি
অভিবাসন ও ভ্রমণসংক্রান্ত নীতিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই ভিসা অনুমোদনের পরও শিক্ষার্থীদের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা, প্রবেশনীতি এবং শিক্ষানীতির আপডেট সম্পর্কে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছে।
শিক্ষাবিদদের মতে, সঠিক প্রস্তুতি, নির্ভুল কাগজপত্র এবং পরিকল্পিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন অনেক সহজ হয়ে ওঠে।