ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু সুরক্ষা বিষয়ে চালু হচ্ছে বিশেষ একাডেমিক প্রোগ্রাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ইউনিসেফের সহায়তায় চালু হচ্ছে ‘গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন চাইল্ড প্রটেকশন’

বাংলাদেশে শিশু সুরক্ষাব্যবস্থা আরও কার্যকর ও পেশাদার পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে নতুন একাডেমিক উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ–এর আর্থিক ও কারিগরি সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে চালু হতে যাচ্ছে ‘গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন চাইল্ড প্রটেকশন’ শীর্ষক বিশেষায়িত একাডেমিক প্রোগ্রাম। এ উদ্যোগকে দেশে শিশু সুরক্ষাবিষয়ক দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ লক্ষ্যে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রোগ্রামটি চালুর বিষয়ে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউনিসেফের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা সুলতানা এবং ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান ন্যাটালি ম্যাককুলি। এছাড়া সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকও বৈঠকে অংশ নেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, দেশে শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সমাজকর্মী, মনোসামাজিক পরামর্শক এবং শিশু ও পরিবার নিয়ে কাজ করা পেশাজীবীদের জন্য আধুনিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে যৌথ সহযোগিতামূলক এই একাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

আলোচনায় সরকারি ও বেসরকারি উভয় খাতের পেশাজীবীদের এমনভাবে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে তারা ঝুঁকিপূর্ণ শিশু, নারী ও পরিবারকে আরও কার্যকরভাবে সহায়তা দিতে সক্ষম হন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত ডিপ্লোমা প্রোগ্রামটি শিশু নির্যাতন, সহিংসতা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা–সংক্রান্ত বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ উদ্যোগে সহযোগিতার জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিশু সুরক্ষাবিষয়ক এই ডিপ্লোমা প্রোগ্রাম দেশের জাতীয় ও কমিউনিটি পর্যায়ের সমাজসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিশু অধিকার ও সুরক্ষার ক্ষেত্রে দক্ষ পেশাজীবী তৈরি হবে, যা সামগ্রিকভাবে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই একাডেমিক প্রোগ্রাম চালু হলে শিশু সুরক্ষা খাতে গবেষণা, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনায় দক্ষ জনবল তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স