ঢাকা

দ্বিতীয় মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ভর্তি শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধাতালিকায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ জুন) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তার প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পাশাপাশি ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পাশাপাশি প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলও প্রকাশ করেছে। ফলে বিষয় পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা তাদের নতুন বিষয়সংক্রান্ত তথ্যও দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তাহলে তাঁকে অবশ্যই ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। এরপর নতুনভাবে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তাঁর বর্তমান ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে বিষয় পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট কলেজগুলো ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে। এরপর ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স