ঢাকা

পল্লবীর শিশুহত্যা মামলায় দ্রুত অগ্রগতিতে সন্তোষ, সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মামলাটির অগ্রগতিতে ভূমিকা রাখায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রশংসা করেছেন তিনি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেন। পরে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি মর্মান্তিক ও সংবেদনশীল ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তার সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন। তিনি বিশেষভাবে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় অংশ নেওয়া সদস্যরাও ঘটনার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং দ্রুত আইনি প্রক্রিয়া জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় প্রধানমন্ত্রী ভবিষ্যতেও নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি অপরাধ দমনে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

দ্রষ্টব্য: আইন ও নৈতিকতার কারণে ভুক্তভোগী শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স