অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে তাঁর মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হলে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে নিজেই সামনে এসে এসব তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
তানিয়া জানান, বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমও চলছে। তাঁর দাবি, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন।
অভিনেত্রী বলেন, সামনে আরও কিছু মেডিকেল পরীক্ষা রয়েছে, যার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতোমধ্যে তাঁর দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসার অংশ হিসেবে ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। কোনো জটিলতা এড়াতে তিনি এখন বেশিরভাগ সময় বাসাতেই কাটাচ্ছেন এবং জনসমাগম এড়িয়ে চলছেন।
চলতি বছরের শুরুতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকদের পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশেও যেতে হয়েছিল তাঁকে।
দেশে ফেরার পর চিকিৎসকরা আরও একটি সার্জারির প্রয়োজনীয়তার কথা জানান। তবে শারীরিক অবস্থা ও প্রস্তুতির বিষয় বিবেচনায় সেটি পরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে ধাপে ধাপে সেই প্রক্রিয়া এগোচ্ছে।
তানিয়া বৃষ্টির প্রত্যাশা, চিকিৎসা সফলভাবে সম্পন্ন হলে খুব শিগগিরই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। একই সঙ্গে অভিনয়জগতে আবারও সক্রিয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।