ঢাকা

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় কৃষক দল নেতার মৃত্যু, আহত বিএনপি নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বাদল মোড়ল নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় বিএনপির এক স্থানীয় নেতাও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নিয়তির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদল মোড়ল সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। আহত আবদুল্লাহ মোড়ল একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন বাদল ও আবদুল্লাহ। রাত প্রায় ১১টার দিকে নিয়তির মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র হামলাকারী তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল্লাহ মোড়লকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় দুজনের শরীরেই ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফকিরহাট থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। হামলার পেছনের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স