ঢাকা

নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত মামলাগুলোর শুনানি দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্টের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত এ বেঞ্চ আগামী ১৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

নতুন এই বেঞ্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স, সংশ্লিষ্ট ফৌজদারি আপিল, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য বিবিধ আবেদন শুনানির দায়িত্ব পালন করবে। একই রায়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আইনি আবেদনও এই বেঞ্চে নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হবে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার দ্রুত বিচার দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে ৭ জুন রায় ঘোষণা করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, অনেক ক্ষেত্রে নিম্ন আদালতের রায় হলেও আপিল পর্যায়ে দীর্ঘসূত্রতার কারণে বিচার কার্যকর হতে সময় লেগে যায়। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হলে তিনি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত শুনানির জন্য পৃথক বেঞ্চ গঠনের উদ্যোগ নেন।

এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট মামলাগুলোর আপিল ও অন্যান্য বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে বলে আইন অঙ্গনে প্রত্যাশা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স