সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে দেশের শ্রমবাজার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে আইএলওর সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আলোচনায় কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের অধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, দেশের শ্রম খাতে চলমান সংস্কার, শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম এবং ত্রিপক্ষীয় সংলাপের অগ্রগতি সরেজমিনে দেখার সুযোগ তৈরি হবে এই সফরের মাধ্যমে। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে গিলবার্ট হোংবো ভবিষ্যতে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শ্রমমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং শ্রম অধিকারের প্রতি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় আইন ও নীতিমালা হালনাগাদের উদ্যোগ সম্পর্কে আইএলওকে অবহিত করেন।
বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইএলওর ‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে ৩৯টি আইএলও কনভেনশন অনুমোদন করেছে। তিনি উল্লেখ করেন, মৌলিক সব আইএলও কনভেনশন অনুমোদনকারী এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
এ সময় শ্রম আইন সংস্কার, শ্রম অধিকারবিষয়ক কমিশনের কার্যক্রম, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের মাধ্যমে আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল-২৬ সংশ্লিষ্ট বিষয়টির ইতিবাচক সমাধানের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
গিলবার্ট হোংবো বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং আইএলও ও বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।