বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) পরিবেশবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও বহুমাত্রিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ জুন অনুষ্ঠিত এ আয়োজনের মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ততা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসম্পৃক্ত উদ্যোগকে উৎসাহিত করা।
দুই দিনের এই কর্মসূচিতে ছিল বৃক্ষরোপণ অভিযান, পরিবেশবান্ধব র্যালি, স্পোগোমি (বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারভিত্তিক প্রতিযোগিতা), গোলটেবিল আলোচনা, এবং বিভিন্ন পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ও বিইউএফটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী ও প্রধান পর্বে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি পরিবেশ সংরক্ষণকে কেবল একাডেমিক আলোচনার বিষয় নয়, বরং বাস্তব জীবনের দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ প্রজন্মই টেকসই ভবিষ্যৎ নির্মাণের মূল চালিকাশক্তি, এবং তাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলন আরও গতিশীল হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য আইয়ুব নবী খান। তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি এবং শিল্প ও নগরায়নের প্রভাবের কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবেশবান্ধব গবেষণা ও কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, সহ–উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল এবং রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্পোগোমি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। গোলটেবিল আলোচনায় পরিবেশ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, নগর দূষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে বিইউএফটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও অংশগ্রহণমূলক মনোভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
পরিবেশ রক্ষা, সবুজ ভবিষ্যৎ নির্মাণ এবং টেকসই উন্নয়নকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচি বিইউএফটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।