ঢাকা

তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
হত্যার অভিযোগে করা দুটি মামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তিন মামলায় তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

তবে হাইকোর্টের এ জামিন আদেশের পরও মমতাজ বেগমের কারামুক্তি হচ্ছে না। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

যেসব মামলায় জামিন

মমতাজ বেগম ঢাকার কোতোয়ালি থানা ও মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় করা দুটি হত্যা মামলা এবং মানিকগঞ্জের হরিরামপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন।

এর আগে এসব মামলায় অধস্তন আদালতে জামিন আবেদন করে ব্যর্থ হওয়ার পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট তাঁর জামিনের বিষয়ে রুল জারি করেন।

সোমবার ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা যথাযথ ঘোষণা করেন এবং তাঁকে জামিন দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী মোসা. খায়রুন নেছা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আরও তিন মামলায় আটকে আছে মুক্তি

মমতাজের আইনজীবী মোসা. খায়রুন নেছা জানান, তাঁর বিরুদ্ধে থাকা মোট ছয়টি মামলার মধ্যে সোমবার তিনটি মামলায় জামিন হয়েছে।

তিনি বলেন, আরও একটি মামলায় আগে থেকেই তাঁর জামিন বহাল রয়েছে। তবে বাকি দুটি মামলায় জামিন স্থগিত রয়েছে এবং ওই দুই মামলায় জামিনের বিষয়ে রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে রাজধানীর মিরপুর মডেল থানায় করা জুলাই গণ–অভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় গত ২৪ জুন মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ও মামলার পটভূমি

মমতাজ বেগম মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়।

গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।

হাইকোর্টে জামিন পাওয়ার পরও চলমান অন্যান্য মামলার কারণে আপাতত কারামুক্তি পাচ্ছেন না মমতাজ বেগম।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স