ঢাকা

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, পরীক্ষার্থীদের করণীয় জানাল শিক্ষা বোর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করেছেন। দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে এসব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার তত্ত্বীয় পরীক্ষার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে। পরীক্ষার প্রতিটি ধাপে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার্থী প্রবেশের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার সময় ও প্রশ্নপত্রের ধরন

নির্দেশনা অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। অন্যদিকে ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য সময় থাকবে ৩০ মিনিট।

ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় দেওয়া হবে।

এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা বিরতিহীনভাবে চলবে।

নকল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো একাধিক নির্দেশনা দিয়েছে। কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্র সংরক্ষণ, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা এবং নজরদারি ব্যবস্থায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন। তবে কোনো পরীক্ষার কক্ষে দুইজনের কম কক্ষপরিদর্শক রাখা যাবে না।

পরীক্ষার্থীদের বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। পাঁচ ফুট বাই ছয় ফুট বেঞ্চে সর্বোচ্চ দুজন এবং চার ফুট বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবেন।

প্রশ্নপত্রের নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানার লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। পরীক্ষার দিন ট্যাগ অফিসার ও পুলিশের পাহারায় প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়া হবে।

নির্ধারিত সেট কোড মোবাইলের মাধ্যমে পাওয়ার পরই প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। নির্ধারিত সেটের বাইরে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড।

কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত সোমবার (২৯ জুন ২০২৬) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের যেসব বিষয় অবশ্যই মেনে চলতে হবে—

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে—

সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও এমসিকিউ ওএমআর শিট বিতরণ করা হবে।
সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে।
সকাল ১০টা ৩০ মিনিটে এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।

২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়ার সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট।

বেলা ২টার পরীক্ষার ক্ষেত্রে—

দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও এমসিকিউ ওএমআর শিট বিতরণ করা হবে।
দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে।
দুপুর ২টা ৩০ মিনিটে এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে।

২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট।

৪. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।

৫. পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে হবে।

৬. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখে ওএমআর ফরমে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রের মার্জিনে লেখা বা ভাঁজ করা যাবে না।

৭. তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) আলাদাভাবে পাস করতে হবে।

৮. প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

৯. পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত নয় এমন সাধারণ হাতঘড়ি ব্যবহার করতে পারবেন।

১০. শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

১১. পরীক্ষাকেন্দ্রে শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার্থীদের প্রতি সতর্ক থাকার আহ্বান

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং পরীক্ষার সব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স