ঢাকা

এইচএসসি পরীক্ষার সময় কেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ, ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ জুলাই। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে গত সোমবার (২৯ জুন ২০২৬) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকাল পর্যন্ত কার্যকর থাকবে।

ঢাকার ৩০৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করার প্রয়োজনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং ঢাকা মহানগরের স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে নগরবাসী ও যানবাহনের চালকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে—

পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে।
ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের সামনে নামার পরিবর্তে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যাবেন।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে কিছুটা দূরে গিয়ে কম ব্যস্ত স্থান থেকে যানবাহনে উঠতে হবে।
কোনো যানবাহন পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে পার্ক করা যাবে না। নির্দেশনা অমান্য করে পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রের আশপাশে অবস্থান না করার অনুরোধ অভিভাবকদের

পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অভিভাবকদের অবস্থান না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিভাবকেরা সড়কে অবস্থান করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষার দিনগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতে ব্যবস্থা

ডিএমপি জানিয়েছে, এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ জুলাই এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স