ঢাকা

বর্তমান শিক্ষাক্রম পর্যালোচনা শেষে ২০২৮ থেকে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা থাকলেও স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বুধবার (২ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি ও সার্বিক বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম চালুর জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শিক্ষাক্রম প্রণয়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনার জন্য ২০২৭ সাল থেকে এটি চালু করা সম্ভব হচ্ছে না। ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও বাস্তব জীবনের উপযোগী সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।

পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়ায় গুরুত্ব

সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় শুধু পুঁথিগত বিদ্যার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সংস্কৃতি, ক্রীড়া এবং সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষার মূল ধারার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মাহ্‌দী আমিন বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রমকে শিক্ষায় নিয়ে আসতে চাইছি।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করতে কারিগরি ও পেশাগত শিক্ষার গুরুত্ব বাড়ানো হবে। ভবিষ্যতে শিক্ষাব্যবস্থায় কারিগরি ও পেশাগত শিক্ষাকে আরও বাধ্যতামূলক করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কারিগরি শিক্ষায় জোর

শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতা ও পেশাগত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তাই নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ তৈরি, মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ এবং অবকাঠামোগত প্রস্তুতি গুরুত্বপূর্ণ বিষয় হবে।

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েও তথ্য

সংবাদ সম্মেলনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন তথ্য ও প্রস্তুতির বিষয় তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

তিনি পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার্থীর সংখ্যা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স