ঢাকা

বাউল-ফকির ও মাজারে হামলার অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দেশের বিভিন্ন স্থানে বাউল, ফকির, সন্ন্যাসী, মাজার ও খানকাকে কেন্দ্র করে হামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২১ জুন এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আদেশের প্রত্যায়িত অনুলিপি ১ জুলাই হাতে পাওয়া গেছে।

দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংস্কার ও সামাজিক শৃঙ্খলার নামে বাউল, ফকির, সুফি সাধক ও সন্ন্যাসীদের ওপর হামলা, নির্যাতন এবং অপমানজনক আচরণের অভিযোগ তুলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাউল সম্প্রদায় ও বিভিন্ন মাজারসংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ২৯ জন এ রিটের আবেদনকারী।

রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ এবং জসিদুল ইসলাম জনি।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরে বাউল, ফকির ও সন্ন্যাসীদের ওপর হামলা এবং নানা ধরনের হয়রানির অভিযোগ সামনে আসছে। এসব ঘটনার প্রতিকার ও তাঁদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই আদালতের শরণাপন্ন হওয়া হয়েছে।

হাইকোর্টের জারি করা রুলে জানতে চাওয়া হয়েছে, বাউল, ফকির ও সন্ন্যাসীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের নিষ্ক্রিয়তাকে কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে নির্যাতন, হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।

এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, সংস্কৃতিসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স