ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ব্যাপক অংশগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আবেদন ৬১ হাজার ৩০১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১১ জুলাই) শুরু হচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। রাজধানীর সাতটি সরকারি কলেজে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেল ৩টায় কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিভিন্ন বিষয়ে মোট ১১ হাজার ২৯০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৩০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় সাড়ে পাঁচজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। সেদিন বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় নেওয়া হবে।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য রাজধানীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে এবং বিশ্ববিদ্যালয়ের দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি কেন্দ্রের নির্দেশনা মেনে চলারও অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স