ঢাকা

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেমেছে সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সহায়তায় শুক্রবার থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনাসদস্যরা মাঠে কাজ শুরু করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, জেলা প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে ১০ পদাতিক ডিভিশন প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ও বিশেষায়িত দল মোতায়েন করেছে।

এদিকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যার পানি ছড়িয়ে পড়ায় সেখানে ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছেন।

কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ তদারকি করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স