ঢাকা

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা অনুসরণের আহ্বান সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পলাতক ও আদালতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করার জন্য দেশের সব গণমাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, দেশের প্রিন্ট, টেলিভিশন, বেতার, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীদের এ বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে।

বিবরণীতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০২৪ সালের ৫ ডিসেম্বর শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই আদেশ অনুযায়ী, আদালতে দণ্ডপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, অডিও, ভিডিও বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ বিদ্যমান।

সরকার জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের স্বার্থে শেখ হাসিনার কোনো বক্তব্য, বিবৃতি, ভাষণ বা রেকর্ডকৃত অডিও-ভিডিও কোনো ধরনের গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা সম্প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, দেশের গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন—এমন প্রত্যাশা সরকারের।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স