ঢাকা

বলিউডের সময়জ্ঞান নিয়ে কাজলের খোঁচা, সালমানের জন্য অপেক্ষার অভিজ্ঞতা প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


দক্ষিণি ও হিন্দি—দুই চলচ্চিত্র অঙ্গনেই কাজ করা অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেন তিনি বলিউডের তুলনায় দক্ষিণি সিনেমাকে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি বলিউডের কাজের ধরণ, বিশেষ করে সময়নিষ্ঠা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

এক সাক্ষাৎকারে কাজল বলেন, তিনি খুব বেশি হিন্দি ছবিতে কাজ করেননি, কারণ দক্ষিণি চলচ্চিত্রে যে ধরনের চরিত্রের প্রস্তাব পেয়েছেন, সেগুলো তাঁর কাছে বেশি আকর্ষণীয় ছিল। তাঁর ভাষায়, “আমি শুধু বলিউডে কাজ করার জন্য সাধারণ মানের চরিত্র করতে চাইনি। দক্ষিণে আমি এমন চরিত্র পেয়েছি, যেগুলো করতে সত্যিই আগ্রহী ছিলাম।”

বলিউডের দক্ষিণি ইন্ডাস্ট্রি থেকে কী শেখার আছে—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “সবচেয়ে বড় বিষয় হলো সময়নিষ্ঠা। দক্ষিণে সবাই ঘড়ি ধরে কাজ করেন, কিন্তু বলিউডে অনেক কিছুই নির্ধারিত সময়ে হয় না। আমার নিজেরও সময়মতো সেটে পৌঁছানোর অভ্যাস রয়েছে।”

সিকান্দার ছবিতে সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কাজল বলেন, তিনি সালমানের সঙ্গে পর্দা ভাগ করে নিতে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। তবে সেটে তাঁকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

কাজলের ভাষায়, “আমি ভাবতাম, আসলে কী হচ্ছে! সালমান দুপুর বা সন্ধ্যার দিকে সেটে আসতেন। তাই অপেক্ষার সময় আমি সেটের জিমে গিয়ে ব্যায়াম করতাম। দক্ষিণি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার কারণে আমি সময়নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে অভ্যস্ত।”

এদিকে কাজল আগরওয়ালকে শিগগিরই দ্য ইন্ডিয়া স্টোরি ছবিতে দেখা যাবে। চেতন ডিকে পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শ্রেয়স তলপাড়ে। ছবিটি ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স