ঢাকা

বিচারকদের কোচিং কার্যক্রমে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিকভাবে পরিচালিত কোচিং কার্যক্রমে সরাসরি কিংবা পরোক্ষভাবে যুক্ত হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। সরাসরি পরিচালিত কোচিংয়ের পাশাপাশি অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এতে স্বাক্ষর করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, বিচারকদের পেশাগত মর্যাদা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত সরাসরি বা অনলাইন কোচিং কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবেন না। একইভাবে কোচিংয়ের প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করাও নিষিদ্ধ। এ ধরনের ব্যবহারে অনুমতি দেওয়ার সুযোগও থাকবে না।

এ ছাড়া বিচারিক দায়িত্ব পালনের সময় পাওয়া গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক কোনো তথ্য কোচিং কার্যক্রমে ব্যবহার, প্রকাশ কিংবা অন্যের কাছে সরবরাহ করা যাবে না।

বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী তৈরি, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স