ঢাকা

সৌদির শীর্ষ বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণা, আবেদনের সুযোগ কারা পাবেন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প (MEWC)-এ অংশ নেওয়ার জন্য আবেদন চলছে। সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকেরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মাইক্রোইলেকট্রনিকসের আধুনিক গবেষণা ও ব্যবহারিক কাজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো এবং গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। নির্বাচিত অংশগ্রহণকারীরা সৌদি আরবে কেএইউএসটির ক্যাম্পাসে অবস্থান করে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

কর্মসূচির সময়কাল

কেএইউএসটির মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প ২০২৭ সালের ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট ছয় সপ্তাহের এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে কাজ করার পাশাপাশি মাইক্রোইলেকট্রনিকসের বিভিন্ন আধুনিক বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীদের কেএইউএসটি ক্যাম্পাসে থেকে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। অত্যাধুনিক গবেষণাগার ও প্রয়োজনীয় গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগও থাকবে তাঁদের জন্য।

কারা আবেদন করতে পারবেন

মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে আবেদন করতে পারবেন স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা

আবেদনকারীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করতে হবে অথবা এ বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

আবেদনের ক্ষেত্রে একাডেমিক ফলাফলও গুরুত্বপূর্ণ। প্রার্থীর ৪-এর মধ্যে ন্যূনতম ৩.৫ সিজিপিএ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা প্রয়োজন, কারণ কর্মসূচির শিক্ষা, গবেষণা ও যোগাযোগের কার্যক্রম ইংরেজি ভাষায় পরিচালিত হবে।

যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা

কেএইউএসটির এ কর্মসূচিটি সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত হবে। ফলে নির্বাচিত অংশগ্রহণকারীদের কর্মসূচিতে অংশ নিতে আলাদা করে টিউশন বা ক্যাম্প ফি বহন করতে হবে না।

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে—

  • জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক স্টাইপেন্ড;
  • কেএইউএসটি ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা;
  • প্রয়োজনীয় ভিসা ও লজিস্টিক সহায়তা;
  • বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ;
  • মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার বাস্তব অভিজ্ঞতা।

বিশেষ করে যারা ভবিষ্যতে গবেষণা, উচ্চশিক্ষা বা প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এ ধরনের আন্তর্জাতিক গবেষণা কর্মসূচি একাডেমিক অভিজ্ঞতা ও গবেষণার দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

কর্মসূচিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের কয়েকটি প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে—

  • পূরণ করা আবেদনপত্র;
  • হালনাগাদ সিভি;
  • ইংরেজিতে প্রস্তুত অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
  • সৌদি আরবের বাইরে অবস্থানরত আবেদনকারীদের পাসপোর্টের কপি।

আবেদন করার আগে প্রার্থীদের নিজেদের একাডেমিক যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্রের তথ্য সঠিকভাবে যাচাই করে নেওয়া উচিত।

যেভাবে আবেদন করবেন

কেএইউএসটির মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে আবেদন করতে হবে অনলাইনে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবপেজে গিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট

আবেদন জমা দেওয়ার আগে যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়

মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফলে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে শেষ মুহূর্তের জটিলতা এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া যায়।

কর্মসূচির যোগ্যতা, সুবিধা, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য কেএইউএসটির সংশ্লিষ্ট ওয়েবপেজে পাওয়া যাবে।

বিস্তারিত তথ্য ও আবেদন করুন


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স