ঢাকা

উদ্ভাবনে সাফল্য, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে পুরস্কার পেল এআইইউবি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’–এ ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ড পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)। দেশের ৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়কে এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণের নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করা এবং গবেষণা ও প্রযুক্তিগত ধারণাগুলোকে বাস্তব ও বাজারমুখী সমাধানে রূপ দেওয়ার সুযোগ তৈরি করাই ছিল মেলার অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার বিষয়টিও আয়োজনে গুরুত্ব পায়।

মেলায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইইউবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান প্রদর্শন করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং বাস্তব সমস্যার সমাধানে তাদের কাজ তুলে ধরা হয়।

মেলা চলাকালে ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এআইইউবির স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিগত সমাধান সম্পর্কে অবহিত হন।

৭০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের মধ্য থেকে মাত্র পাঁচটি বিশ্ববিদ্যালয়কে ইউনিভার্সিটি ইনোভেশন এক্সিবিশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়। এ স্বীকৃতির মাধ্যমে এআইইউবির গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর একাডেমিক কার্যক্রমের স্বীকৃতি আরও দৃশ্যমান হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থী ও গবেষকদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্পে কাজ করতে উৎসাহিত করবে। একই সঙ্গে গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রয়োগ এবং সম্ভাবনাময় প্রযুক্তিগত ধারণাকে বাজারমুখী উদ্যোগে রূপ দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স