ঢাকা

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, জানালেন চিকিৎসার অগ্রগতি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দীর্ঘ ও কঠিন সময় পার করছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচারের পাশাপাশি চলছে কেমোথেরাপিও। প্রায় নয় মাস পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভক্তদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। পরে ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যান অভিনেত্রী। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। অসুস্থতার কারণে এত দিন স্বাভাবিকভাবে কথা বলতেও পারেননি তিনি।

দীর্ঘ বিরতির পর শনিবার ফেসবুক লাইভে এসে তানিয়া বলেন, বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। তিনি ভক্তদের উদ্দেশে জানান, অসুস্থতা পুরোপুরি কাটেনি, তবে শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

নিজের ওজন বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, দুটি অস্ত্রোপচারের পর ওজন বাড়া অস্বাভাবিক কিছু নয়। এ সময় তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এখনো চলছে কেমোথেরাপি

লাইভে তানিয়া জানান, তাঁর কেমোথেরাপি এখনো চলছে। ছয় মাসের নির্ধারিত চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে।

অভিনয়ে ফেরার বিষয়ে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিনয়ে ফেরার প্রবল ইচ্ছা রয়েছে তাঁর। চলতি মাস থেকেই কাজে ফেরার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান অভিনেত্রী। তবে কবে থেকে নিয়মিত শুটিংয়ে ফিরবেন, সেটি চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।

‘অভিনয় খুব মিস করি’

নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে তানিয়া জানান, একটা সময় পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে তিনি হয়তো আর ফিরতে নাও পারতেন। তবে বর্তমানে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছেন।

দীর্ঘ সময় ধরে পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তানিয়ার ভাষ্য, অনেক দর্শক তাঁকে আবার নাটকে দেখতে চান এবং তাঁর সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। দর্শকদের ভালোবাসা ও উৎসাহই তাঁকে আবার অভিনয়ে ফেরার অনুপ্রেরণা দিচ্ছে। একই সঙ্গে তিনি নিজেও অভিনয়কে ভীষণভাবে মিস করছেন বলে জানান।

পোষা বিড়ালদের সঙ্গেই কাটছে সময়

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই আছেন তানিয়া। অবসর সময়ের বড় একটি অংশ কাটে তাঁর ছয়টি পোষা বিড়ালের সঙ্গে। বাইরে কোথাও গেলেও অনেক সময় সঙ্গী হয় পোষা প্রাণীগুলো।

লাইভে তানিয়া বলেন, গত নয় মাস ধরে অসংখ্য মানুষ তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন এবং তাঁর কাজে ফেরার অপেক্ষায় ছিলেন। তাঁদের ভালোবাসা ও সমর্থন তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে।

সবশেষে ভক্তদের উদ্দেশে তানিয়া বলেন, অনেকেই তাঁর বর্তমান অবস্থা জানতে চাচ্ছিলেন বলেই তিনি লাইভে এসেছেন। নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে আবারও দোয়া চেয়ে সবাইকে ভালো থাকার আহ্বান জানান এই অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স