ঢাকা

ইনানী রিসোর্টের অগ্নিকাণ্ড: মাভাবিপ্রবির নাহিদসহ নিখোঁজ চার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদুর রহমান তুহিন, তার স্ত্রী আফসানা এবং দুই মেয়ে (রোবাইনা ও সুনাইনা) নিখোঁজ রয়েছেন। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ওই রিসোর্টের ২০২ নম্বর সুপার ডিলাক্স কক্ষটি তাদের নামে বুক করা ছিল। তবে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন হাসপাতাল, প্রশাসন ও সংবাদমাধ্যমে প্রকাশিত হতাহতের তালিকায় তাদের কোনো সন্ধান মেলেনি। বুকিংয়ের নথি ও নির্দিষ্ট সময়েও খোঁজ না মেলায় পরিবারজুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঢাকার শ্যামলীর গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা নাহিদুর ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন তার কর্মস্থলের সহকর্মী ও স্বজনেরা। এদিকে, রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চেহারা দেখে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে অজ্ঞাত মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে, অনুসন্ধানে জানা গেছে যে দুর্ঘটনা কবলিত টুপটুপ রিসোর্ট ও এর রেস্টুরেন্টের কোনো বৈধ অনুমোদন বা ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এর আগে কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ইতোমধ্যে রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Desk

কমেন্ট বক্স