ঢাকা

গাজীপুরের ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা ২২ মিনিটে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত একটি স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে প্রথম ইউনিটটি বিকেল ৪টা ৩৪ মিনিটে পৌঁছায় এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার মূল কারণ এবং এ ঘটনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স