ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

ডেঙ্গু পরিস্থিতি ও সামগ্রিক পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী শনিবার সকালে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার কাজ এখন থেকেই শুরু করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় একে পরিষ্কার রাখা কঠিন হলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব। শুধু নির্দিষ্ট কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে ও আশপাশের মানুষকে সচেতন করার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্ন পরিবেশের ওপর জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবার ও আশপাশ পরিষ্কার থাকলে সুস্থ থাকার সম্ভাবনা বাড়ে। অসুস্থ মানুষের সংখ্যা বাড়লে সবাইকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া কঠিন, তাই মানুষকে সুস্থ রাখতে পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর নির্দেশ দেয়া হয়েছে। নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে বলেন তিনি।

রাস্তা, খাল ও জলাশয়ে ময়লা ফেলা বন্ধে বিএনসিসি ও স্কাউটদের কাজ করার আহ্বান জানান তিনি। কেউ যত্রতত্র ময়লা ফেললে তাকে বুঝিয়ে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়।

পরিচ্ছন্ন পরিবেশ ধরে রাখতে জাপানের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, জাপানের পরিচ্ছন্নতার মূল রহস্য শুধু পরিষ্কার করার ব্যবস্থা নয়, বরং মানুষের ময়লা না ফেলার অভ্যাস। তাই সবাইকে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স