ঢাকা

সাড়ে চার ঘণ্টায় প্রধানমন্ত্রীর আকস্মিক ১৩ স্থান পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

সাড়ে চার ঘণ্টার ঝটিকা সফরে রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত চলা এই কার্যক্রমে তিনি বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ঘুরে দেখেন এবং সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, সরকারি বাংলা কলেজ, শিশু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কোয়ার্টারসহ মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনায় ঘাটতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে, আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার করতে কর্তৃপক্ষকে দুই সপ্তাহ এবং উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ উন্নয়নে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। এ ছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিদর্শনে এক চিকিৎসককে নিজের কক্ষে ধূমপানরত ও কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যার পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

আকস্মিক এই সফরে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি জনস্বাস্থ্য, নাগরিক সেবা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর দায়িত্বশীল হওয়ার কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স