ঢাকা

পূজায় মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি জারি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ছুটির এই সময় সার্বিক পরিস্থিতি ও যাত্রীচাহিদা বিবেচনা করে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। এসব দিনে দিনের বেশিরভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পর পর এবং রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ১৫ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন চলবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে সর্বমোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

তবে ২৩ অক্টোবরের সময়সূচিতে কিছুটা ভিন্নতা রয়েছে। এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। ২৩ তারিখে দুই প্রান্ত মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

উৎসবের দিনগুলোতে যাত্রীচাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল জানিয়েছে, উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে, যাতে অতিরিক্ত ভিড় হলে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ট্রেন চালিয়ে যাতায়াতের বিরতি সমন্বয় করা সম্ভব হয়।



নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স