ঢাকা

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১১৫

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
আব্বাসে বিস্ফোরণ আব্বাসে বিস্ফোরণ

বন্দর আব্বাস, ইরান – ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের নিকটস্থ শহীদ রাজী বন্দরে শনিবার (২৬ এপ্রিল) একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

হোরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে প্রায় ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এ বন্দরটি ইরানের অন্যতম আধুনিক সামুদ্রিক বন্দর হিসেবে পরিচিত। এটি হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বে উৎপাদিত মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ জানিয়েছেন, শহীদ রাজী বন্দরের ডকে বিস্ফোরণ ঘটে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত না হলেও আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, একটি জ্বালানি ট্যাংক থেকেই বিস্ফোরণের সূচনা হয়ে থাকতে পারে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ জানিয়েছেন, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর আকাশে উঠে যাওয়া ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি এবং ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের চিত্র দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অনেককে ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে দেখা যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ রাজী বন্দর মূলত কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহৃত হলেও সেখানে তেল ও পেট্রলজাত রাসায়নিক পদার্থের সংরক্ষণাগারও রয়েছে।

ঘটনার পর এখন পর্যন্ত ইরান সরকার বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স