সুনামগঞ্জের তাহিরপুরে মাদ্রাসায় যাতায়াতের পথে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনায় প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক ভুক্তভোগী ছাত্রীর চাচা।
ঘটনাটি ঘটে উপজেলার বালিজুরী এইচ এ উলুম আলিম মাদ্রাসার সড়কে। এ বিষয়ে আহত ব্যক্তি তাহিরপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—বালিজুরী নয়াহাটি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৫), মুজিবুর রহমানের ছেলে হিমেল (২২), আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীরের ছেলে তৌশিক মিয়া (২২) এবং হাবিব মিয়ার ছেলে রকি (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে দুই ছাত্রীর পথরোধ করে অভিযুক্তরা। এ সময় তারা অশালীন অঙ্গভঙ্গি করে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি জানতে পেরে একজন ছাত্রীর চাচা ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে ছাত্রী দুটি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
মাদ্রাসার প্রিন্সিপাল হারিছ উদ্দিন জানান, ঘটনার দিন ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাকে বিষয়টি জানানো হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
অভিযুক্তরা বর্তমানে পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।