চিত্রনায়িকা শাবনূরের নামে একটি ভুয়া ফেসবুক পেজ ভেরিফায়েড করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এটি তার আসল পেজ নয় এবং এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন।
গণমাধ্যমে শাবনূর বলেন, “যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। তারা আমার নাম ব্যবহার করে যেকোনো সময় বিভিন্ন ধরনের অপরাধ বা প্রতারণা করতে পারে—এমনকি করেছে বলেও আশঙ্কা করছি, যা আমরা জানিও না। তাদের কাছে হয়তো আমার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্যও রয়েছে, নইলে ভেরিফিকেশন হতো কীভাবে?”
শাবনূর জানান, তিনি আগে ফেসবুক ব্যবহার করতেন না, সে সময় বহু ভুয়া আইডি ও পেজ খুলে ফেলা হয় তার নামে। তখন তিনি বিষয়টি নিয়ে মুখ না খুললেও পরে নিজে ফেসবুকে সক্রিয় হলে পরিচিতজনরা আসল ও নকলের পার্থক্য বুঝতে পারেন।
তিনি বলেন, “অনেকেই পরামর্শ দিয়েছিল, যেন আমার আইডি বা পেজ ভেরিফায়েড করে নিই, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন। তখন বিষয়টি গুরুত্ব না দিলেও এখন মনে হচ্ছে, ভেরিফিকেশন করিয়ে নিলেই ভালো হতো।”
ভুয়া ভেরিফায়েড পেজটির ফলোয়ার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে শাবনূর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন এবং বিষয়টি সাইবার নিরাপত্তা বিভাগকে জানানোরও সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “আমি নিশ্চিত, এই পেজটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাই—এ ধরনের প্রতারক চক্রকে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
ফেসবুকের ভুয়া ভেরিফায়েড পেজ নিয়ে তারকাদের নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।