ঢাকা

সাতক্ষীরায় নানাবাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঈদের ছুটি কাটাতে নানাবাড়িতে এসে আনন্দে মেতে উঠেছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশের একটি মাছের ঘেরে গিয়ে পড়ে তারা। সেখানেই ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারায় দুজন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো—পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) এবং পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল, আর জান্নাতুল পড়ত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এক উপপরিদর্শক।

স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ জানান, ঈদ উপলক্ষে আগের দিন সকালে তাঁর আত্মীয়ের সন্তান জাকারিয়া ও জান্নাতুল বেড়াতে আসে। সোমবার তারা বাড়ির পাশে খেলতে বের হলে একসময় তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ নেমে এসেছে। যে বাড়িতে ঈদের আনন্দ ছিল, সেখানে এখন শুধুই কান্না আর শোকের মাতম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স