ঢাকা

রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ১০ প্রতিষ্ঠান বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীতে অনিয়মের অভিযোগে চারটি হাসপাতাল ও ছয়টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা, অনুমোদনহীন সেবা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিসহ নানা অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর নির্দেশে ২৩ থেকে ২৫ মার্চ টানা তিন দিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুরুতর অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আরও দুটি হাসপাতালের আইসিইউ ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) সাময়িকভাবে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আহমেদ স্পেশালাইজড হাসপাতাল, টিজি মাল্টি স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং অথেনটিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসক, প্রয়োজনীয় কাগজপত্রের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

অন্যদিকে প্রাইম অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং যমুনা হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউতে রোগী ভর্তি সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যবিধির ঘাটতি লক্ষ্য করা গেছে।

এ ছাড়া ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবও বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিতে পর্যাপ্ত জায়গা ছাড়া নমুনা সংগ্রহ, প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং বিশেষজ্ঞ প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টের অনুপস্থিতি পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স