ঢাকা

কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড আরও একটি মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৬

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

শনিবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ধ্বংসস্তূপের ভেতর থেকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী এলাকার একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেলের দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে প্রথমে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অন্যদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়া দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা বাড়ে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স