ঢাকা

জুলাই হত্যাকাণ্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জুলাই গণঅভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এবার তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কফিল উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল চার দিনের রিমান্ড অনুমোদন দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন নিশ্চিত করেছেন।

এর আগে মানব পাচার আইনের একটি মামলায় পল্টন থানায় তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে ছিলেন মাসুদ উদ্দিন। পরবর্তীতে ৭ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আরও চার দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের জন্য পুনরায় রিমান্ড প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়। সেই প্রেক্ষিতেই আদালত নতুন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বর্ণনায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকার ফলপট্টিতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন এবং দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনাটির এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স