রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এক মামলায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানি ও বিক্রির অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন ঝাং হাইবিন (৫০), ওয়াং গুওফেং (৫২) এবং তাঁদের সঙ্গে থাকা বাংলাদেশি দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।
এর আগে তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মহাসিন হাসান আসামিদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত উভয় আবেদনই নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওই বাসা থেকে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬৩টি মোবাইল ফোন, ৭০টি র্যাম এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন এনে রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করতেন। তদন্তকারীদের আশঙ্কা, জামিন পেলে তারা দেশত্যাগ করতে পারেন, যা মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।