ঢাকা

জুলাই অভ্যুত্থানে আহতদের টিউশন ফি মওকুফ করল ঢাকা বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র–জনতার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়, যার আওতায় বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে স্মৃতিচারণা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা ধরনের একাডেমিক আয়োজন অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ এবং তাঁদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্দোলনে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করছে প্রশাসন।

এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউট নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি বাস্তবায়ন করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে স্মারক সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া বিভিন্ন আবাসিক হলে পৃথকভাবে ‘জুলাই অনুষ্ঠানমালা’ আয়োজনের সূচিও নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, শামসুন নাহার হলে ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলে ২৪ ও ২৫ জুলাই, রোকেয়া হলে ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হলে ১ থেকে ৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৫ জুলাই, অমর একুশে হলে ২৩ থেকে ২৫ জুলাই, বিজয় একাত্তর হলে ২৩ জুলাই, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে ৫ আগস্ট বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এসব আয়োজনের লক্ষ্য শুধু ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ স্মরণ করা নয়; বরং গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের সামাজিক ও জাতীয় ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন এবং তাঁদের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সংহতি প্রকাশের অংশ হিসেবেই টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স