ঢাকা

রাজ্য রাজনীতির পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং



ভারতের কোনো অঙ্গরাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর তার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই পরিচালিত হয়।

সোমবার সচিবালয়ে লবণচাষিদের জীবনমান উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত, যেমন সীমান্তে কাঁটাতার নির্মাণ—এসব দেশটির অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তাই কোনো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না। একই সঙ্গে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেসব তথ্য ও ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলোর অনেকই বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুরোনো ভিডিও ও অসত্য তথ্য ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো ঘটনার সত্যতা সরকার পায়নি, যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এ সময় তিনি জনগণকে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

লবণশিল্প নিয়ে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় লবণচাষিদের সুরক্ষা দিতে এবং উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে সরকার ন্যায্যমূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। কৃষি মন্ত্রণালয় উৎপাদন খরচ পর্যালোচনা করছে, যাতে চাষিরা তাঁদের পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পান।

তিনি জানান, শিল্প ও ভোজ্য লবণের চাহিদা বিবেচনায় আমদানির প্রয়োজনীয়তা যাচাই করা হচ্ছে। পর্যাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশের লবণ উৎপাদন বাড়ে এবং স্থানীয় চাষিরা ক্ষতির মুখে না পড়েন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স