ঢাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ সফলভাবে শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির ক্ষেত্রে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এখন ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি চুল্লিপাত্রে স্থাপন করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের আগে এটি ছিল অন্যতম প্রধান প্রযুক্তিগত ধাপ।

রূপপুর প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রাশিয়ার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের পরিচালক ও প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, জ্বালানি লোডিংয়ের প্রতিটি ধাপ নির্ধারিত পরিচালনাগত নীতিমালা অনুসরণ করে সম্পন্ন হয়েছে।

এখন চুল্লিপাত্রের উপরের অংশ স্থাপন এবং ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করার কাজ করা হবে। এরপর বিভিন্ন প্রযুক্তিগত ও নিরাপত্তা পরীক্ষা চালানো হবে, যাতে বিদ্যুৎ উৎপাদনের সময় পুরো ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগামী ধাপে চুল্লিকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। এরপর ধীরে ধীরে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্পগুলোর একটি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স