কারাগারের ভেতরে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকা এক বন্দীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কারা কর্মকর্তা। অস্থির ক্যানসারে আক্রান্ত পাবনার শালগড়িয়ার যুবক মো. আশরাফুল খাঁ শেষ পর্যন্ত চিকিৎসার সুবিধার্থে জামিনে মুক্তি পেয়েছেন।
কারা সূত্র জানায়, ২০২২ সালের নভেম্বর মাসে মাদক–সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়ার পর আশরাফুলকে কারাগারে পাঠানো হয়। বন্দী অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে চিকিৎসকদের পরীক্ষায় তাঁর শরীরে বোন ক্যানসার ধরা পড়ে।
পাবনা কারাগারে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার আশায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তবে সেখানেও কারাগারের সীমিত পরিবেশে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
এ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফারুক আহমেদ বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করেন। পরে তিনি পাবনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করে আশরাফুলের চিকিৎসা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেন।
কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বন্দীর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে আদালতের কাছে আবেদন করা হয়। চিকিৎসকদের মতামত ও আশরাফুলের শারীরিক অবস্থার বিষয়টি আদালতে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, সাধারণ পরিস্থিতিতে এ ধরনের মামলায় জামিন পাওয়া কঠিন হলেও মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ সক্রিয় ভূমিকা পালন করেছে। আদালতের কাছে বন্দীর বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরা হয়।
পরে আদালত আশরাফুল খাঁর শারীরিক অবস্থা ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে এখন কারাগারের বাইরে থেকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে তাঁর জন্য।