জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) শিক্ষার্থীদের জন্য আগামীকাল ১৭ মে এক দিনব্যাপী বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা বিনা খরচে চিকিৎসকদের পরামর্শ, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।
জকসু সূত্রে জানা গেছে, রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় ক্যাম্পটি পরিচালিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে সেখানে মোট ২১টি বুথ স্থাপন করা হচ্ছে।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া হবে ১১টি বিভাগে। এর মধ্যে রয়েছে মেডিসিন, সার্জারি, গাইনি ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, নাক-কান-গলা, দন্ত চিকিৎসা, হাড় ও জোড়া রোগ, চোখ, হৃদ্রোগ, শ্বাসতন্ত্র এবং মানসিক স্বাস্থ্য বিভাগ।
আয়োজকেরা জানান, প্রায় ৩০ জন চিকিৎসক ক্যাম্পে অংশ নেবেন। তাঁদের মধ্যে অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকও থাকবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ১০ ধরনের বিনা মূল্যের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।
জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, শুধু চিকিৎসকের পরামর্শ নয়, ক্যাম্পে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও থাকবে। পোর্টেবল ইসিজিসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। প্রয়োজন অনুযায়ী প্রাথমিক ওষুধও বিনা মূল্যে সরবরাহ করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজ ও কার্যকর করতে জকসু দীর্ঘমেয়াদিভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সেবার মান উন্নয়নের কাজও চালিয়ে যাচ্ছে।