ঢাকা

হাতিরঝিলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন সাজা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও হেরোইনসদৃশ পাউডার উদ্ধারের ঘটনায় করা মামলায় মো. উজ্জ্বল আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাস সশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২ সেপ্টেম্বর ভোরে মধুবাগ এলাকার একটি বাসার সামনে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে উজ্জ্বল আলীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসা থেকে ১২টি প্যাকেটে রাখা ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং আরও ২৫টি প্যাকেটে থাকা প্রায় দেড় কেজি হেরোইনসদৃশ পাউডার জব্দ করা হয়।

ঘটনার পর ডিবির উপপরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিন হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার নথিতে জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে উল্লেখ করা হয়।

বিচার চলাকালে মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১১ মে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।

রায়ে আদালত উল্লেখ করেন, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ অত্যন্ত বেশি এবং এ ধরনের অবৈধ মাদক ব্যবসা সমাজে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আসামির ক্ষেত্রে দণ্ড লঘু করার মতো কোনো উপযুক্ত কারণ আদালত খুঁজে পাননি।

এ ছাড়া বিচারাধীন অবস্থায় আসামি কারাগারে যে সময় কাটিয়েছেন, তা মূল সাজা থেকে সমন্বয় করা হবে বলে রায়ে বলা হয়েছে। আদালত আরও নির্দেশ দেন, আপিলের সময়সীমা শেষ হওয়ার পর জব্দ করা মাদক ও আলামত আইন অনুযায়ী ধ্বংস করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স