ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে চালু হওয়া সাপ্তাহিক অনলাইন ক্লাস কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জ্বালানির প্রাপ্যতা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঈদুল আজহার ছুটির পর থেকে বৃহস্পতিবারের সব অনলাইন ক্লাস ও অনলাইনভিত্তিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে পুনরায় সশরীরে পাঠদান চালু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন–এর সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং সরকারের ব্যয়সংকোচন নীতিমালার কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে বৃহস্পতিবার অনলাইন ক্লাস চালু রাখা হয়েছিল। তবে বর্তমানে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্ববিদ্যালয় আবারও পূর্ণাঙ্গ সশরীর একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ইতিবাচক ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উপাচার্য জানান, এখন থেকে প্রতি মাসে নিয়মিতভাবে একাডেমিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আয়োজন করা হবে, যাতে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যকারিতা নিশ্চিত করা যায়।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ এপ্রিল একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় সরকারের ব্যয়সংকোচন নীতিমালার অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে অনলাইন ক্লাস কার্যক্রম চলমান ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন ঈদুল আজহার ছুটি শেষে ক্যাম্পাসে আবারও সপ্তাহের সব দিন সশরীরে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এতে শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে ফিরে সরাসরি পাঠ গ্রহণের সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স