ঢাকা

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. লাবিব ওয়াহিদ (২১) ও মো. আজওয়াদ তৌসিফ (২১)। তাঁরা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। লাবিব মুন্সিগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা এবং আজওয়াদ ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ধু মিলে লাবিবের গ্রামের বাড়িতে বেড়াতে যান। দুপুরে খাওয়াদাওয়ার পর বিকেলে কয়েকজন বন্ধু পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে লাবিব ও আজওয়াদ পানির নিচে তলিয়ে যান।

সহপাঠী ও স্থানীয় লোকজন তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর দুজনকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

নিহতদের এক সহপাঠী বলেন, গোসলের সময় হঠাৎ তাঁরা বুঝতে পারেন লাবিবকে দেখা যাচ্ছে না। পরে পানিতে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। এরপর খেয়াল করা হয়, আজওয়াদও নিখোঁজ। পরে তাকেও পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আরেক শিক্ষার্থী জানান, বন্ধুর আমন্ত্রণে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে কয়েকজন মিলে সেখানে গিয়েছিলেন। তাঁদের ধারণাও ছিল না, আনন্দঘন সেই ভ্রমণ এমন শোকাবহ ঘটনায় শেষ হবে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স