ঢাকা

আলোচনায় থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিয়ে যাওয়া হয়।

বিশেষ বৈশিষ্ট্যের এই মহিষটি এখন রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মহিষটির অদ্ভুত সাদা রং ও মাথার গোলাপি ঢেউখেলানো চুল নিয়ে দেশ-বিদেশে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যম ছাড়াও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মহিষটির ভিডিও ও ছবি।

চার বছর বয়সী মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার খামারে এটি লালন-পালন করা হচ্ছিল। মালিকের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের সঙ্গে মিল খুঁজে এর নামকরণ করেছিলেন বলে জানা যায়।

মহিষটিকে দেখতে মে মাসজুড়ে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ খামারে ভিড় করেন। পরে কোরবানির জন্য এটি কেরানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। গত সোমবার আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে খামার থেকে বিদায় দেওয়া হয়।

বুধবার বিকেলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহিষটি কোরবানি না দিয়ে সংরক্ষণ করার নির্দেশ এসেছে। পরে সেটিকে থানায় নেওয়া হয় এবং সেখান থেকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির হওয়ায় প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরকে এর পরিচর্যা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির জন্য আলাদা শেড প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিশেষ খাদ্যতালিকাও নির্ধারণ করা হয়েছে।

চিড়িয়াখানার কর্মকর্তাদের ভাষ্য, শরীরে মেলানিনের স্বল্পতার কারণে এমন সাদা রঙের মহিষ দেখা যায়। একই বংশের মধ্যে প্রজননের ফলেও এমন বৈশিষ্ট্য তৈরি হতে পারে। খুব বিরল এই ধরনের প্রাণী সাধারণত প্রতি কয়েক হাজারের মধ্যে একটি দেখা যায়।

বর্তমান মালিক মনিরুজ্জামান জানান, সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। প্রয়োজনে অর্থ বা বিকল্প পশু দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স