ঢাকা

নিজ এলাকায় ফিরছেন কারা, ঢাকায় থাকছেন কে—এনসিপি নেতাদের ঈদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে ইতোমধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের অনেকে। কেউ যাচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়, কেউবা গ্রামের বাড়িতে। সেখানে পরিবার, আত্মীয়স্বজন, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তাঁরা। তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এবার ঢাকাতেই ঈদ উদ্‌যাপন করছেন।

দলীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাজধানীতেই ঈদ করছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা–১১–এর পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।

দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন ঈদ করতে গেছেন নিজ জেলা রংপুরে। তিনি কাউনিয়া উপজেলার ভায়ারহাট এলাকার মুন্সিপাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেবেন। পরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে।

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার দেবীদ্বারে ঈদ উদ্‌যাপন করবেন। সেখানকার একটি স্থানীয় মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

নোয়াখালী–৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ ঈদ করছেন হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে। তিনি গ্রামের মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। দিনভর এলাকার বাসিন্দা, আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ ঈদের নামাজ আদায় করবেন কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। অন্যদিকে নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন জেলার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন।

এ ছাড়া এনসিপি থেকে মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম নিজ নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করবেন। মাহমুদা আলমের গ্রামের বাড়ি ঝালকাঠিতে এবং নুসরাত তাবাসসুমের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। ঈদের সময় তাঁরা পরিবারের সদস্য ও স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাবেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজ জেলা পঞ্চগড়ে ঈদ করবেন। তাঁর ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী উচ্চবিদ্যালয় মাঠের ঈদগাহে।

অন্যদিকে দলের মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার ঢাকাতেই ঈদ উদ্‌যাপন করছেন। একইভাবে ঢাকায় অবস্থান করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই দুই নেতা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম (আদীব) রাজধানীর উত্তরার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

এ ছাড়া এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঈদের সময় কাটাবেন। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় পরিবার, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন বলে জানা গেছে।

দলীয় নেতাদের ভাষ্য, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করারও একটি উপলক্ষ। তাই বেশির ভাগ নেতাই এবার নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স