ঢাকা

শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। উপজেলা ও মহানগর এলাকার শিক্ষা থানা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা দলগুলো জেলা পর্যায়ের এ আয়োজনে অংশ নেবে।

শিক্ষার্থীদের নতুন ভাবনা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং বাস্তব জীবনের সমস্যা মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগকে সামনে তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রথমবারের মতো আয়োজিত এ বৃহৎ কর্মসূচিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিটি উপজেলা থেকে একটি করে সেরা দল এবং মহানগর এলাকার শিক্ষা থানা থেকে দুটি করে সেরা দল জেলা পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে। সব মিলিয়ে দেশের বিভিন্ন জেলা পর্যায়ের আয়োজনে প্রায় সাড়ে পাঁচ শতাধিক দল অংশগ্রহণ করবে।

প্রতিটি দলে রয়েছে তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক। শিক্ষার্থীরা তাদের তৈরি বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা ও উদ্ভাবনী ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ের প্রদর্শনীতে বিভিন্ন প্রযুক্তি, পরিবেশ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ নজর কেড়েছে।

ঢাকা জেলা পর্যায়ের আয়োজন বিএএফ শাহীন কলেজে

আগামীকাল ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে BAF Shaheen College Dhaka-এ। সেখানে দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও Ziaur Rahman Foundation-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর।

জাতীয় পর্যায়ে যাবে সেরা ১০০ দল

জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে সারা দেশ থেকে বাছাই করা হবে সেরা ১০০টি দল। এসব দল আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠানে অংশ নেবে।

জাতীয় পর্যায়ে অংশ নেওয়া দলগুলো তাদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে। সেখান থেকে বিচারকদের মূল্যায়নে নির্বাচন করা হবে সেরা ১০টি দল।

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পুরস্কার

জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকছে ২০ হাজার টাকা ও সনদপত্র। পাশাপাশি বিজয়ী শিক্ষকেরা পাবেন ৩০ হাজার টাকা ও সনদ। আয়োজকদের আশা, এ কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্যে গবেষণা, প্রযুক্তি ব্যবহার এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের প্রবণতা আরও বাড়বে।

শিক্ষাবিদদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করার এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা তৈরিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স