ঢাকা

ষষ্ঠ–দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ল উপবৃত্তির আবেদনের সময়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
মাধ্যমিক ও সমমান পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, ২০২৬ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে ভর্তিকৃত এবং অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ভর্তি সহায়তা দেওয়া হবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৪ জুন। সময় বাড়িয়ে তা ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন করতে যেসব শর্ত পূরণ করতে হবে

ভর্তি সহায়তার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। মেধাবী শিক্ষার্থী হিসেবে আবেদন করতে হলে পূর্ববর্তী শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বর পাওয়ার প্রমাণপত্র অথবা জিপিএ–৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩ দশমিক ৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে।

এ ছাড়া বিশেষ সুবিধাপ্রাপ্ত ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে—

এতিম শিক্ষার্থী;
প্রতিবন্ধী শিক্ষার্থী বা প্রতিবন্ধী অভিভাবকের সন্তান;
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবকের সন্তান;
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান;
হতদরিদ্র পরিবারের শিক্ষার্থী (যাদের অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক);
জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান।

এসব ক্ষেত্রে আবেদন করার সময় সংশ্লিষ্ট প্রমাণপত্রের কপি অনলাইনে আপলোড করতে হবে।

আর্থিক অসচ্ছলতার প্রমাণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান হিসেবে আবেদন করবে, তাদের মা–বাবা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে।

এ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া সনদের কপি আপলোড করতে হবে।

যেসব কাগজপত্র প্রয়োজন

আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীকে ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর এক কপি ছবি এবং শিক্ষার্থী অথবা মা–বাবার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি জমা দিতে হবে।

হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তি সহায়তা–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো—০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬। হেল্পলাইন চালু থাকবে অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স