ঢাকা

সর্বোচ্চ ফলাফলের স্বীকৃতি, জবির ১০৪ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদ ও বিভাগের সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৪টি বিভাগের ২৪ জন শিক্ষার্থী, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৫টি বিভাগের ২৫ জন শিক্ষার্থী, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৮টি বিভাগের ২৮ জন শিক্ষার্থী এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৫টি অনুষদের ২৭টি বিভাগের ২৭ জন শিক্ষার্থী এ সম্মাননা পেয়েছেন।

শিক্ষার্থীদের অর্জনকে ভবিষ্যতের অনুপ্রেরণা বললেন শিক্ষামন্ত্রী

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জীবনের মূল্যবান সময় অপচয় না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্বও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়: উপাচার্য

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, নানা সীমাবদ্ধতা ও দীর্ঘদিনের অবহেলার মধ্যেও শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এই সম্মানের মর্যাদা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগাতে হবে।

তিনি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বৃত্তির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং শিক্ষাসচিব আবদুল খালেক। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিনস অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক পরিমল বালা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন।

এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স