আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় (আইইএলটিএস) বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বের ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর ফলাফলে ভুল হয়েছিল। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দুই বছর ধরে চলা এই ত্রুটি পরীক্ষার্থীদের ফলাফল ও পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলে। এ ঘটনায় আইইএলটিএসের অন্যতম অংশীদার ও পরিচালনাকারী সংস্থা কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল।
অফকোয়ালের তথ্য অনুযায়ী, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন বা অটোমেটেড মার্কিং ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আইইএলটিএস পরীক্ষার কয়েক হাজার উত্তর সঠিকভাবে মূল্যায়িত হয়নি। এর ফলে অনেক পরীক্ষার্থী তাদের প্রকৃত দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফলাফল পাননি।
আইইএলটিএস হলো বিশ্বের অন্যতম স্বীকৃত ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা। উচ্চশিক্ষা, অভিবাসন, চাকরি ও বিভিন্ন আন্তর্জাতিক সুযোগের জন্য প্রতিবছর লাখো মানুষ এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাটিতে স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এই চারটি অংশের মাধ্যমে পরীক্ষার্থীদের ইংরেজি দক্ষতা যাচাই করা হয়।
ভুল মূল্যায়নে ক্ষতিগ্রস্ত হাজারো পরীক্ষার্থী
অফকোয়াল জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্রের মূল্যায়নে ত্রুটি শনাক্ত হয়। এসব ভুল মূল্যায়নের কারণে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী তাদের প্রাথমিক ফলাফলে ভুল ব্যান্ড স্কোর পেয়েছিলেন।
পরবর্তীতে ফলাফল পুনরায় যাচাই করে সংশোধন করা হয়। সংশোধিত ফলাফলে ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের চেয়ে বেড়েছে। তবে ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। অর্থাৎ, প্রযুক্তিগত ত্রুটির কারণে তারা প্রকৃত ফলাফলের চেয়ে বেশি নম্বর পেয়েছিলেন। পরে তাদের স্কোর সংশোধন করে কমিয়ে দেওয়া হয়।
ভিসা প্রক্রিয়ায় প্রভাব
ভুল ফলাফলের কারণে যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ (এসইএলটি) দেওয়া পরীক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হন। আক্রান্ত পরীক্ষার্থীদের মধ্যে ১ হাজার ১০৮ জন এসইএলটি পরীক্ষার্থী ছিলেন।
অফকোয়ালের তথ্য অনুযায়ী, চারটি ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে পরীক্ষার্থীদের ভিসার যোগ্যতা সরাসরি প্রভাবিত হয়েছিল। তবে পরে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
আপডেটের সময় ধরা পড়ে ত্রুটি
দীর্ঘ সময় ধরে চলা এই প্রযুক্তিগত ত্রুটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থাতেও শনাক্ত হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেট করার সময় প্রথম বিষয়টি নজরে আসে। এরপর দ্রুত বিষয়টি অফকোয়ালকে জানানো হয়।
অফকোয়ালের ডেলিভারি বিভাগের নির্বাহী পরিচালক আমান্ডা সোয়ান বলেন, আইইএলটিএসের ফলাফলের ওপর নির্ভর করে বিশ্বের অনেক মানুষ তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরে চলা এই পদ্ধতিগত ব্যর্থতার কারণে পরীক্ষার্থী এবং ফলাফল ব্যবহারকারী প্রতিষ্ঠান—দুই পক্ষই ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, বড় অঙ্কের এই জরিমানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতির প্রতিফলন।
ক্ষমা চেয়ে নতুন ব্যবস্থা কেমব্রিজ ইংলিশের
কেমব্রিজ ইংলিশ তাদের ব্যবস্থাপনাগত ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ত্রুটি সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সহায়তা, গ্রাহকসেবা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরিতে তারা ৬০ লাখ পাউন্ডের বেশি অর্থ ব্যয় করেছে।
আইইএলটিএস কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা পরীক্ষার সম্পূর্ণ ফি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিন প্রতিষ্ঠানের যৌথ পরিচালনায় আইইএলটিএস
বিশ্বব্যাপী আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখো শিক্ষার্থী ও পেশাজীবী উচ্চশিক্ষা, অভিবাসন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে এই পরীক্ষায় অংশ নেন।
প্রযুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থায় এই ধরনের ত্রুটি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে—এমন বিষয়টি সামনে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে মূল্যায়ন ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদারের কথা জানিয়েছে।